উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নামাজ শেষে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম।
মোনাজাত পরবর্তী সময়ে শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, ‘মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আজকে আমরা দোয়া মাহফিলের আয়োজনটি করেছি। আহত শিক্ষার্থীদের জন্য আমাদের জনশক্তিরা সাধ্যমত কাজ করে যাচ্ছেন। আমাদের জনশক্তিরা ঢাকা মেডিক্যালে গিয়ে রক্ত দিয়ে এসেছেন।’ এছাড়াও আহতদের সহায়তায় সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
শাখা শিবিরের দফতর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সর্বদা রাজপথে তৎপর ছিল ছাত্রশিবির। আমরা শিক্ষার্থীদের যেকোনো ধরনের যৌক্তিক দাবি আদায়ে যেমন রাজপথে ছিলাম তেমনি তাদের বিপদের দিনেও সবার আগে পাশে এসে দাঁড়িয়েছি।’
তিনি আরো বলেন, ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।’ এছাড়াও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাবি শাখা শিবিরের দাওয়াহ সম্পাদক মশিউর রহমান, বিজ্ঞান সম্পাদক মো: তৌফিক হুসাইন, গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো: সাফায়েত মীর, ছাত্র অধিকার সম্পাদক মো: রাকিব হোসেন, মানবাধিকার সম্পাদক মো: রায়হান উদ্দীন, তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ প্রমূখ।



