জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কোরিয়া-বাংলাদেশ লাইব্রেরি ওডিএ ওয়ার্কিং কনফারেন্সে অংশগ্রহণের লক্ষ্যে চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন রাতে ভিসি ঢাকা থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা দেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান লিবারট্রি ইনক-এর আমন্ত্রণে ভিসি দেশটির রাজধানী সিউলে আগামী ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেবেন। কনফারেন্সে তিনি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ)-এর আওতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ, গ্রন্থাগারের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফি ও মেটাডেটা উন্নয়ন বিষয়েও মতবিনিময় করবেন। এছাড়া দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে পৃথক এক অফিস আদেশে জানানো হয়েছে, ভিসির ছুটিকালীন সময়ে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন।
চার দিনের সফর শেষে আগামী ২১ এপ্রিল দেশে ফিরবেন ভিসি।



