রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ সেমিস্টারের ফলাফলে জিপিএ ৪.০০ পেয়েছেন। এর আগের সেমিস্টারগুলোর ফলেও চমক দেখিয়েছিলেন এই নেতা।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ছিলেন জাহিদ। স্নাতকোত্তরের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে তিনি প্রথমটায় ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ ও তৃতীয় সেমিস্টারে ৪.০০ আউট অব ৪.০০ (জিপিএ) অর্জন করেছেন। অনার্সে তার ফলাফল ছিল ৩.৭৬ (সিজিপিএ)।
এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাকাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার কাছে দোয়ার আর্জি।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমার পেশা হিসেবে টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন।’
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে ভিপি নির্বাচিত হন তৎকালীন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। ভিপির দায়িত্ব, সাংগঠনিক নানান কাজ, তার মাঝেই অ্যাকাডেমিক রেজাল্টে অভাবনীয় ফলাফল অর্জন করায় প্রশংসায় ভাসছেন তিনি।



