দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুই হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রায় এক ঘণ্টা থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া জানান, দুই হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।



