জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ‘ফ্লুয়েন্ট ফিউচার ল্যাঙ্গুয়েজ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে এ জাকসুর কার্যকরী সদস্য আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আয়োজকরা জানায়, শিক্ষার্থীদের বৈশ্বিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভাষাগত দক্ষতার পাশাপাশি সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: রায়হান শরীফ বলেন, ‘বর্তমান বিশ্বে ভাষা দক্ষতা কেবল একটি যোগ্যতা নয়, বরং বৈশ্বিক সুযোগ গ্রহণের অন্যতম পূর্বশর্ত। শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এই কোর্স শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।’
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমি ইংরেজি বিভাগের শিক্ষার্থী। অনেকে মনে করেন, ইংরেজি বিভাগে পড়াশোনা করলে ইংরেজি ভাষায় অনেক পারদর্শী হওয়া যায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের দেশে ইংরেজিতে অনার্স-মাস্টার্স করার পরও অনেকেই ইংরেজিতে দুর্বল থেকে যান। ‘ফ্লুয়েন্ট ফিউচার ল্যাঙ্গুয়েজ কোর্স’ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ভবিষ্যতেও জাকসু শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এআই, ডিজিটাল স্কিলসহ আরও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করবে।’
গ্লোবাল আইটি এন্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের পরিচালক মাকসুদ হোসেন বলেন, ‘শুধু অ্যাকাডেমিক ডিগ্রি নয়, বর্তমান চাকরির বাজারে ভাষা ও সফট স্কিল সমানভাবে গুরুত্বপূর্ণ। জাকসুর সাথে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষার জন্য আরো প্রস্তুত করে তুলতে পারব।’
কোর্সটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর আয়োজনে এবং গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের সহযোগিতায় পরিচালিত হবে।



