রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি ভিসির বাসভবন ঘেরাও

‘আমাদের আজকের এ কর্মসূচি হলো ১০ তারিখ রুয়া নির্বাচন স্থগিত করার প্রতিবাদে।’

রাবি প্রতিনিধি
রাবি ভিসির বাসভবন ঘেরাও
রাবি ভিসির বাসভবন ঘেরাও |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন সংগঠনটির পদপ্রার্থীরা।

বৃহস্পতিবার (১মে) বিকেল সাড়ে ৪টায় ভিসির বাসভবনের সামনে তারা অবস্থান নেন। পরে সেখানে বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন।

সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া; এডহক না নির্বাচন, নির্বাচন নির্বাচন; সিলেকশন না ইলেকশন, ইলেকশন ইলেকশন; রাকসু নিয়ে তালবাহানা, চলবে নারে চলবে না; রুয়া কি তর বাপের রে, প্রশাসন জবাব দে; রুয়া কেন স্থগিত, প্রশাসন জবাব চাই-এ ধরনের স্লোগান দিতে থাকে তারা।

রুয়া নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এমাজ উদ্দিন মন্ডল বলেন, ‘আমাদের আজকের এ কর্মসূচি হলো ১০ তারিখ রুয়া নির্বাচন স্থগিত করার প্রতিবাদে। এক কুচক্রী মহল যারা রুয়া নির্বাচনকে বন্ধ করার জন্য পায়তারা করছে তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসার সামনে ককটেল ফাটিয়ে রুয়া নির্বাচনকে বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করছে। ১০ তারিখের নির্বাচন ১০ তারিখেই দিতে হবে, এ জন্য আমরা এখানে অবস্থান করছি এবং যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা না আসবে ততক্ষণ এ অবস্থান কর্মসূচি চলমান থাকবে।’

রুয়ার সহ-সভাপতি পদপ্রার্থী কেরামত আলী বলেন, ‘যারা রুয়ার সাথে বিশ্বাস ঘাতকতা করবে তারা কেন নির্বাচনের দায়িত্ব দিলেন? যে ভুল তারা করেছে আমরা তা মেনে নিতে পারি না। যেকোনো উপায়ে আপনারা নির্বাচন দিবেন। দরকারে সৎ সাহসধারী নতুন কমিশন গঠনের মাধ্যমে ও তাদের পিছু না হটার শপথ করিয়ে নির্বাচন দিবেন। রুয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের দাবি পূরণের জন্য নির্বাচন দিতে চেয়েছিলেন। কিন্তু কোন কুচক্রী মহলের কাছে আপনি হাত মেলালেন আমি জানি না। নির্বাচন তারা করবে না আপনার মাধ্যমে তারা নির্বাচন স্থগিত করল। এখানে দলমত নাই আমরা এই বিশ্ববিদ্যালয়টিকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব নিতে চাই। তাই যথাসময়ে নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।’

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘রুয়ার নির্বাচন স্থগিত করার বিরুদ্ধে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী সবাই মনক্ষুণ্ন হয়েছেন। যে প্রশাসন রুয়া বাস্তবায়ন করার ক্ষমতা রাখে না সেই প্রশাসন রাকসু কিভাবে বাস্তবায়ন করবে? আমরা এজন্য ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি এবং ১০ তারিখের রুয়া নির্বাচন যেন ১০ তারিখেই হয় সেটা নিশ্চিত করে আমরা এখান থেকে যাব।’

এর আগে, সকালে রুয়ার পদপ্রার্থীরা দু’ দফায় এডহক কমিটির আহ্বায়ক বরাবর স্মারকলিপি দেন নির্বাচন বন্ধ না করার দাবিতে। অন্যদিকে বিএনপি পদপ্রার্থীরা আগেই নির্বাচন বর্জন করেন।