সারাদেশে খুন-ধর্ষণের ঘটনায় শাবি টিচার্স লিংকের উদ্বেগ

দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, খুন, চাঁদাবাজির পাশাপাশি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
সারাদেশে খুন-ধর্ষণের ঘটনায় শাবি টিচার্স লিংকের উদ্বেগ
সারাদেশে খুন-ধর্ষণের ঘটনায় শাবি টিচার্স লিংকের উদ্বেগ |নয়া দিগন্ত

দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, খুন, চাঁদাবাজির পাশাপাশি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

সোমবার (৯ মার্চ) রাতে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে ইউটিএল জানায়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। সারাদেশে একের পর এক ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, খুন, চাঁদাবাজি, লুটপাট ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে।

পাশাপাশি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যা, ভিন্নমতের প্রতি অসহিষ্ণু আচরণ পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান অগ্রগতি নেই। অনেক ক্ষেত্রে ধর্ষক ও অপরাধীরা রাজনৈতিক পরিচয়কে নিজেদের শক্তি হিসেবে ব্যবহার করছে, যা আইনের শাসনের জন্য বড় ধরনের হুমকি।

ইউটিএলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সীতাকুণ্ডে মাত্র সাত বছর বয়সী এক শিশুকে দুর্গম ও জনশূন্য পাহাড়ে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে মাত্র চার বছর বয়সী আরেকটি শিশুকেও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ভোট দেয়াকে কেন্দ্র করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি সভ্য রাষ্ট্রে নারীদের ওপর এমন নৃশংসতা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

প্রতিবাদলিপিতে আরো বলা হয়, দেশের মানুষ আজ বাসা-বাড়ি, অফিস-আদালত, রাস্তাঘাট কিংবা কর্মস্থল, কোথাও নিজেদের নিরাপদ মনে করছে না। এমনকি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধানকে ছুরিকাঘাতে হত্যা নিরাপত্তাহীনতার বড় দৃষ্টান্ত।

ইউনিভার্সিটি টিচার্স লিংক সাস্ট চ্যাপ্টার দেশের এ নৈরাজ্যকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের নীরবতায় তীব্র ক্ষোভ জানিয়েছে।

একই সাথে সংগঠনটি দাবি জানিয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত সব খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।