হাবিপ্রবিতে ছাত্র সংঘর্ষের ঘটনায় ৩১ জন বহিষ্কার

ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের দোষী বলে সনাক্ত করা হয়।

হাবিপ্রবি প্রতিনিধি

Location :

Dinajpur
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দু’হলের মধ্যে ছাত্র সংঘর্ষের ঘটনায় অপরাধ সনাক্ত হওয়ায় ৩১ জন ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) প্রকাশিত স্মারকে বলা হয়, ২১ মে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল হতে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠি হাতে নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে।

তারা নির্বিচারে নামাজ ঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্য সম্পত্তি বিনষ্ট করে এবং সহকারী প্রক্টরসহ ছাত্রদের ওপর হামলা করে গুরুতর আহত করে। ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের দোষী বলে সনাক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের (অর্ডিন্যান্স অফ স্টুডেন্টস ডিসিপ্লিন) এর ১৪ ও ১৫ ধারা মোতাবেক অনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত এবং আইন শৃঙ্খলা ভঙ্গসহ সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করার কারণে অদ্য ২১ মে বৃহস্পতিবার রাত ৮টায় দিকে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার ১ নম্বর আলোচ্য বিষয়ের সিদ্ধান্ত মোতাবেক উপরোল্লিখিত ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে পত্রে স্বাক্ষর করেন প্রফেসর ড. মো: আবু হাসান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)।