ইএফটির মাধ্যমে দেয়া হবে মাদরাসা শিক্ষকদের এমপিও’র অর্থ, তথ্য হালনাগাদের নির্দেশ

আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অর্থ বিতরণ সহজ করার লক্ষ্যে গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অর্থ বিতরণ সহজ করার লক্ষ্যে গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ লক্ষ্যে অনলাইন এমপিও সিস্টেমের প্রয়োজনীয় আপগ্রেডেশন ও শিক্ষক-কর্মচারীদের তথ্য অনলাইনে সংশোধন, হালনাগাদ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

রোববার (১৯ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদফতরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, এমপিও’র অর্থ ইএফটির মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের তথ্যসমূহ আবশ্যিকভাবে সঠিক থাকতে হবে। সকল তথ্য নিখুঁত না থাকলে ইএফটির মাধ্যমে প্রেরিত অর্থ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না।

আদেশের নির্দেশনা অনুযায়ী, শিক্ষক-কর্মচারীদেরকে নির্ধারিত ছক পূরণ ও স্বাক্ষর করে তা প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিতে হবে এবং এর একটি সফটকপি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানরা এই তথ্যসমূহ সংগ্রহ ও সংরক্ষণ করবেন। পরে এই ছকের তথ্য অনলাইনে সংগ্রহের জন্য মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে সফটওয়্যারের লিংকসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে।

সঠিকভাবে তথ্য সংগ্রহের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে আগামী ৩১ আগস্টের মধ্যে প্রস্তুত রাখার জন্য দেশের সকল এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষক-কর্মচারীদের অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : বাসস