ডাকসু নির্বাচন

সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন, সমর্থন বাকেরকে

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ডাকসু নির্বাচনে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন
ডাকসু নির্বাচনে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মাহিন সরকার। সেইসাথে তিনি একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন, ‘সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেজন্য আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন। আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় বলে সূচিত হবে।’

‘যাঁরা আমাকে সমর্থন করেন, প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি,’ বলেন তিনি।

এ নির্বাচনে ভিন্ন প্যানেল থেকে নিজেকে জিএস পদে প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মাহিন সরকারকে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে দল থেকে বহিষ্কার করে এনসিপি।

এদিকে, মাহিন সরকার নিজের প্রার্থিতা প্রত্যাহার করলেও তার প্যানেল থেকে সদস্যপদে নির্বাচন করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা সাব্বির উদ্দিন ও বায়েজিদ হাসান।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। সেই আন্দোলনের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবার ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল দিয়েছে।