ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে কবি জসীম উদদীন হলে আয়োজিত অনুষ্ঠানে ল্যাবটির উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ ও ডাকসুর জিএস এস এম ফরহাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এ বি যুবায়ের, কবি জসীম উদদীন হল সংসদের ভিপি উসমান গণি ও এজিএস হিজবুল্লাহ আল হিজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ বলেন, ল্যাবটির সার্বিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের জন্য এটিকে আরো ব্যবহারোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ব্যক্তিগত ল্যাপটপ নেই। এ সেন্টারের মাধ্যমে তারা একাডেমিক প্রয়োজন মেটানোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কাজের পাশাপাশি বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্সের প্রশিক্ষণ গ্রহণ এবং ই-লাইব্রেরি ব্যবহারের সুযোগ তৈরি করবে এ ল্যাব।
এর আগে শেখ মুজিবুর রহমান হলে একই ধরনের কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও এ ধরনের ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



