রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয়ের ছয়টি নারী আবাসিক হলে কমিটি গঠন করতে পারেনি সংগঠনটি। তবে হল কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন নেতারা।
২০২৫ সালের ১৭ আগস্ট রাবি শাখা ছাত্রদলের ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তখন ১৫ দিনের মধ্যে সব হলের কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। তবে নির্ধারিত সময়ের প্রায় এক বছর পরও ছয়টি নারী হলে কমিটি গঠন করা হয়নি।
সংগঠনটির নেতাদের সাথে কথা বলে জানা গেছে, নারী হলগুলোতে কমিটি গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক নেতাকর্মীর তালিকা তৈরি ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ কারণে কমিটি গঠনে বিলম্ব হয়েছে।
রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, ‘শাখা কমিটি হওয়ার পরই নারী হলগুলোতে কমিটি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। পরে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে কার্যক্রমটি পিছিয়ে যায়। সব হলেই ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন। বর্তমানে তালিকা সংগ্রহ চলছে। আশা করছি, দ্রুত কমিটি দেয়া হবে।’
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছেলেদের হলগুলোতে দ্রুত কমিটি দেয়া হয়েছিল। নারী হলগুলোতে কমিটি গঠন কিছুটা জটিল। শুরু থেকেই এ নিয়ে কাজ চলছে ও তালিকাও সংগ্রহ করা হয়েছে। আশা করছি, দ্রুত সব নারী হলে কমিটি দেয়া সম্ভব হবে।’
সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে অনেক নারী শিক্ষার্থীকে পদ দেয়া হয়েছে ও তাদের বিভিন্ন হলে দায়িত্ব দেয়া হয়েছে। তারা শিগগিরই হল কমিটির তালিকা জমা দেবেন। তালিকা পেলেই ছয়টি নারী হলে কমিটি দেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া। রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতাসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে কমিটি দেয়া হয়। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
এদিকে নারী শিক্ষার্থীদের অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আগে নারী শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অনাগ্রহ থাকলেও বর্তমানে ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমে অনেকেই আগ্রহী হচ্ছেন। আগের তুলনায় পরিস্থিতি ভালো।’



