আপত্তিকর আচরণ

সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, এমপিও স্থগিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষকের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন কথা ও আচরণ করতে দেখা গেছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sirajgonj

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিনের বিরুদ্ধে কর্মস্থলে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার পাশাপাশি এমপিও (মান্থলী পেমেন্ট অর্ডার) স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির আরেক আদেশে এই প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

মাউশি’র বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক-২ এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, গত ২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষকের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন কথা ও আচরণ করতে দেখা গেছে।

পত্রে উল্লেখ করা হয়, তার এরূপ আপত্তিকর, অনৈতিক এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। যা ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এটি ‘বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯’ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল।

এর পরিপ্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী তাকে তাৎক্ষণিক বরখাস্তকরণ এবং ‘জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবরিনা শারমিন স্বাক্ষরিত অফিস আদেশে আজ থেকেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

ইউএনও’র আদেশে বলা হয়, ‘রাজশাহী শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪’ অনুযায়ী এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে প্রধান শিক্ষক মো: রুহুল আমিনকে ৪ জুলাই থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

একই আদেশে বিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষামূলক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুর রশিদকে আর্থিক ও দাফতরিক দায়িত্ব বুঝিয়ে দিয়ে ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সূত্র : বাসস