বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের সংশ্লিষ্টতার প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, শিক্ষার্থীরা।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে তার কফিনবন্দী লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন-সংলগ্ন অপরাজেয় বাংলার পাদদেশে নেয়া হয়।
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী, সাহিত্য-সংস্কৃতির অঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার লাশ নিয়ে যাওয়া হয়।
এর আগে, আজ সোমবার বেলা ১১টার দিকে তার লাশ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়া হয়।
পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সহকারী ভিসি অধ্যাপক ড. আলমুজাদ্দেদী আলফেসানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফজলুল হকের লাশ দাফন করা হবে।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে অত্যন্ত ভালো মানুষ হিসেবে চিনি, যিনি রাষ্ট্র ও সমাজ নিয়ে চিন্তা করতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অবদান রেখেছেন। তার ভালো কর্ম, দর্শন ও চিন্তা চিরদিন আমাদের মধ্যে বেঁচে থাকবে। আমরা সবসময় তার কাজের মাধ্যমে তাকে স্মরণ করব।’
সূত্র : ইউএনবি



