ওস্তাজের চোখে আদর্শ তালিবুল ইলম

আ.স.ম আল আমিন

একজন তালিবুল ইলমের মধ্যে থাকা উচিত জিজ্ঞাসু মন। না বুঝলে প্রশ্ন করা, জানার আগ্রহ রাখা এবং নতুন কিছু শেখার তৃষ্ণাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

কওমি মাদরাসার ছাত্রদের পড়াশোনার দৃশ্য
কওমি মাদরাসার ছাত্রদের পড়াশোনার দৃশ্য |প্রতীকী ছবি

সমাজ গঠনের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা, আর সেই শিক্ষার প্রাণ হলো তালিবুল ইলম—ইলম অন্বেষণকারী ছাত্র। একজন ওস্তাজের কাছে শুধু পাঠদানই লক্ষ্য নয়; বরং এমন এক প্রজন্ম তৈরি করা, যারা জ্ঞান, চরিত্র ও আমলে সমৃদ্ধ হয়ে সমাজকে আলোকিত করবে। তাই একজন ওস্তাজ হিসেবে আদর্শ তালিবুল ইলম কেমন হওয়া উচিত—এ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশুদ্ধ নিয়ত
একজন তালিবুল ইলমের সবচেয়ে বড় গুণ হলো নিয়তের বিশুদ্ধতা। ইলম অর্জনের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। যদি দুনিয়াবি সম্মান, পদ বা অর্থ উপার্জনই মূল লক্ষ্য হয়, তাহলে সেই ইলম বরকতহীন হয়ে পড়ে। বিশুদ্ধ নিয়তই ইলমকে নূরে পরিণত করে।

আদব ও আখলাক
আদব-আখলাক একজন ছাত্রের অলঙ্কার। ওস্তাজের প্রতি সম্মান, কিতাবের প্রতি শ্রদ্ধা এবং সহপাঠীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ—এসবই ইলম অর্জনের অপরিহার্য অংশ। আকাবীরে আসলাফরা বলেছেন, ‘যে আদব শিখেনি, সে প্রকৃত ইলম অর্জন করতে পারেনি।’

পরিশ্রম
একজন তালিবুল ইলম হতে হবে পরিশ্রমী ও অধ্যবসায়ী। ইলম এমন একটি সম্পদ, যা সহজে অর্জিত হয় না। বারবার পড়া, বুঝে নেয়া, মুখস্থ করা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমেই প্রকৃত জ্ঞান অর্জিত হয়। অলসতা ইলমের সবচেয়ে বড় শত্রু।

ইলমের প্রতি ভালোবাসা
ইলমের প্রতি ভালোবাসা থাকা জরুরি। যে ছাত্র ইলমকে ভালোবাসে, সে কখনো ক্লান্ত হয় না। তার কাছে পড়াশোনা বোঝা নয়, বরং আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়।

আমল
একজন আদর্শ তালিবুল ইলম শুধু জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ থাকে না; বরং সে আমলকারী হয়। কোরআন-হাদীসে বারবার বলা হয়েছে—যে ইলমের ওপর আমল করা হয় না, তা উপকারে আসে না। তাই শিখে বাস্তব জীবনে প্রয়োগ করাই প্রকৃত সফলতা।

সময়ের কদর
সময়ের মূল্যায়ন একজন ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ই জীবনের মূলধন। যে ছাত্র সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারে, সে দ্রুত উন্নতির শিখরে পৌঁছায়।

ধৈর্য ও স্থিরতা
ধৈর্য ও স্থিরতা ইলম অর্জনের পথে অপরিহার্য গুণ। কঠিন বিষয়, দীর্ঘ সময়ের অধ্যয়ন এবং নানা প্রতিবন্ধকতার মধ্যেও যে ছাত্র ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে, সে-ই শেষ পর্যন্ত সফল হয়।

সবশেষে, একজন তালিবুল ইলমের মধ্যে থাকা উচিত জিজ্ঞাসু মন। না বুঝলে প্রশ্ন করা, জানার আগ্রহ রাখা এবং নতুন কিছু শেখার তৃষ্ণাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

একজন ওস্তাজের স্বপ্ন থাকে—তার ছাত্ররা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করবে না; বরং তারা হবে নৈতিকতা, জ্ঞান ও মানবিকতায় অনন্য এক প্রজন্ম। আদর্শ তালিবুল ইলমই পারে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। তাই আমাদের প্রত্যেক ছাত্রের উচিত নিজেকে এই গুণাবলির আলোকে গড়ে তোলা, যেন তারা নিজেদের জীবন আলোকিত করার পাশাপাশি সমাজকেও আলোকিত করতে পারে।

লেখক : প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশ, আফতাবনগর, ঢাকা।