‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ থেকে পদযাত্রা শুরু করবেন। সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করেছে।
নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী- ঢাকা কলেজ সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করবে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পদযাত্রায় অংশ নেবেন। একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের পথে রওনা দেবেন। সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টায় নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দেবেন। মূল অবস্থান কর্মসূচি শুরু হবে বেলা ১১টায় শিক্ষা ভবনের সামনে।
আন্দোলনের দায়িত্বশীল শিক্ষার্থী মো: নাঈম হাওলাদার বলেন, ‘অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমান শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবে।’
শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা অনিশ্চয়তায় রয়েছেন। তারা চান, অংশীজনদের মতামতের ভিত্তিতে খসড়া হালনাগাদ করে দ্রুত অধ্যাদেশ জারি করা হোক।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।



