রুয়েটে ইউনিক কোডিং ও আওয়ামী দোসরমুক্ত সিন্ডিকেট গঠনের দাবি

উত্তরপত্রে ইউনিক কোডিং পদ্ধতি চালু এবং সিন্ডিকেট ও সিলেকশন বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
মানববন্ধন করেন শিক্ষার্থীরা
মানববন্ধন করেন শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উত্তরপত্রে ইউনিক কোডিং পদ্ধতি চালু এবং সিন্ডিকেট ও সিলেকশন বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের এক বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটে এখনো একটি রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় সদস্য বহাল থাকায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ। আওয়ামী লীগের পেশাজীবী পরিষদের পদধারী ব্যক্তির একাধারে সিন্ডিকেটসহ বিভিন্ন কমিটিতে থাকায় বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।

তারা আরো বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও তৎকালীন ফ্যাসিস্ট দোসরদের প্রভাব থাকায় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এতে করে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির অন্যতম ছিল উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং সিস্টেম চালু করা। তবে এক বছর পেরিয়ে গেলেও এ গুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে ফ্যাসিস্ট আমলের সবাইকে অপসারণের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

এদিকে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা।