ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই সময়ে ওই কক্ষে আত্মহত্যার চেষ্টা করা বিভাগটির সাবেক কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নামে এজহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইবি থানায় এজহার দায়ের করেন আসমার স্বামী ইমতিয়াজ সুলতান। বাদ জোহর জানাজার নামাজের পর এফআইআর প্রস্তুত করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
জানা গেছে, এজহারে অন্তর্ভূক্ত অন্যরা হলেন— বিভাগটির সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও বিভাগটির আরেক সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়া শহরস্থ কোর্টপাড়া এলাকায় বসবাস করতেন। তার স্বামী ইমতিয়াজ সুলতান কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট চুক্তিভিত্তিকভাবে শিক্ষকতা করেন। সংসার জীবনে তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।
আজ সকাল ১০টার দিকে নিহত আসমার ময়নাতদন্ত করা হয়। এতে দায়িত্বরত ছিলেন কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: হোসেন ইমাম ও মেডিক্যাল অফিসার রুমন রহমান। এদিকে বাদ জোহর দুপুর ২টার পর কুষ্টিয়া কেন্দ্রীয় ইদগাহ মাঠে আসমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানাকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, ‘এ ঘটনায় চারজনের নামে এজহার দায়ের করা হয়েছে। তবে এফআইআর এখনো হয়নি। এজহারে অন্তর্ভুক্ত চারজনের নাম আমরা আপাতত জানাতে চাচ্ছি না।’
প্রসঙ্গত, গতকাল (৫ মার্চ) আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ কক্ষে ছুরিকাঘাতে খুন হন। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহত্যার চেষ্টারত অবস্থায় দেখেছেন বলে জানান চিৎকার শুনে উদ্ধার করতে যাওয়া আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী।
পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই হত্যাকারীর ফাঁসি ও ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।



