ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভিসি নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৭ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগত কোনো শিক্ষককে নয়, বরং ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ও দলীয় লেজুড়বৃত্তিমুক্ত ভিসি নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত তিন দিন ধরে আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ ১৭ মে সকালে ডুয়েটের প্রধান ফটকে পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ডুয়েট ও মহানগর ছাত্রদল, যুবদল এবং বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান, মোবাইল ফোন ছিনিয়ে নেয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ওই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনের কারণ হিসেবে বলেন, ‘রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো, আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার নীলনকশার অংশ হিসেবে সম্পূর্ণ দলীয় বিবেচনায় জেলা ও সিটি করপোরেশনগুলোতে প্রশাসক এবং ১৮টি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ব্যক্তিদের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একইসাথে দলীয় নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের দিকে ঠেলে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এই হঠকারী সিদ্ধান্ত ও পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানাই।’
শিবির নেতারা অভিযোগ করে বলেন, ‘বিস্ময়ের সাথে লক্ষ করেছি, বরাবরের ন্যায় এই হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে বিবৃতি দিয়েছে হামলাকারী সংগঠন ছাত্রদল, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।’
তারা বলেন, ‘অনতিবিলম্বে ডুয়েট ক্যাম্পাসে হামলাকারী বহিরাগত ও ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
একইসাথে বিতর্কিত ও দলীয় ভিসি নিয়োগের বৈষম্যমূলক নীতি পরিহার করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা।



