জবিতে শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচনের আগে শিক্ষার্থীদের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল। আমরা বলেছিলাম, নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেব।’

Location :

Dhaka
জবি কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর করছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম
জবি কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর করছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম |নয়া দিগন্ত

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ভিসি ভবনের সামনে জবির ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্রকল্যাণ সম্পাদকের কাছে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচনের আগে শিক্ষার্থীদের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল। আমরা বলেছিলাম, নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেব।’

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। আমরা আপনাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্রকল্যাণ সম্পাদকের হাতে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করছি।’

জকসু ভিপি বলেন, ‘মঙ্গলবারের হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। পরে হামলার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। এ ছাড়া হামলায় জড়িত বহিরাগত, অছাত্র ও শিক্ষার্থীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কোড অব কনডাক্ট’ প্রণয়নের দাবি জানিয়েছি।

তিনি জকসুর পক্ষ থেকে জবির দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, বরাদ্দ করা ২০ কোটি টাকা দিয়ে এক হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য চলতি বছর অস্থায়ী আবাসন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে একজন ডাক্তার ও একজন টেকনিশিয়ান নিয়োগে দাবি জানান।

জকসু শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে যে ন্যক্কারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আগের দিন সংঘটিত ন্যক্কারজনক ঘটনা, হসপিটালে শিক্ষার্থীদের ওপর হামলা ও জবিতে শিক্ষার্থীদের যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে আমরা ভিসি স্যারের কাছে আমাদের দাবিগুলো জানিয়ে স্মারকলিপি দিয়েছি।