গোবিপ্রবিতে গরু কোরবানি দেবে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব

‘অনেক শিক্ষার্থী ও দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারী ঈদে পরিবার থেকে দূরে ক্যাম্পাসে থাকেন। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কোরবানির এই উদ্যোগ নেয়া হয়েছে।’

মো: নাঈম আশরাফ, গোবিপ্রবি
আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব, গোবিপ্রবি
আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব, গোবিপ্রবি |নয়া দিগন্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে পবিত্র ঈদুল আজহা পালনকারী সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গরু কোরবানি দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের পক্ষ থেকে ঈদের দিন গরু কোরবানির ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুর ২টার দিকে কোরবানির বিষয়টি ক্লাবটির পক্ষ থেকে ঘোষণা করা হয়।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়, পবিত্র ঈদুল আজহায় অনেকেই বাসায় না গিয়ে বিশ্ববিদ্যালয়ে ঈদ পালন করবেন। তাদের ঈদ আনন্দ বাড়িয়ে দেয়ার জন্য আমাদের এই আয়োজন। এখানে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার জন্য আমরা আয়োজন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

এ বিষয়ে ক্লাবের উপদেষ্টা আবু দারদা বলেন, ‘অনেক শিক্ষার্থী ও দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারী ঈদে পরিবার থেকে দূরে ক্যাম্পাসে থাকেন। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কোরবানির এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি আশপাশের অসচ্ছল পরিবারগুলোর মাঝেও কোরবানির আনন্দ পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে।’ তিনি সবার দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতে আরো বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করা যায়।

উল্লেখ্য, আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক সংগঠন। তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। তারা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ, ইসলামিক বিভিন্ন আলোচনা, ভর্তি পরিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র, বৃক্ষ রোপণ, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।