আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্য গাকৃবির

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক যেকোনো র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্য কেবল একটি অবস্থান নয়, এটি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসের স্বীকৃতি। বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে দেশে শীর্ষস্থান ধরে রেখে বিশ্বের ১০০ থেকে ২০০তম অবস্থানে পৌঁছাতে আমরা বহুমুখী কার্যকর পদক্ষেপ নিয়েছি।

গাজীপুর প্রতিনিধি

Location :

Gazipur
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) |নয়া দিগন্ত

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার অ্যাডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারো দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে সমগ্র এশিয়ার মধ্যে ৪০১-৫০০তম অবস্থানে থেকে জাতীয় পর্যায়েও শক্ত অবস্থান ধরে রেখেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি এবং নয়টি রিপোর্টার বিশ্ববিদ্যালয়। এ তালিকায় গাকৃবি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় অঙ্গনেও নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখেছে।

গবেষণায় ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ হিসেবে স্বীকৃত গাকৃবি এবারের র‌্যাঙ্কিংয়ে গুণগত গবেষণায় (রিসার্চ কোয়ালিটি) ৬৭ স্কোর অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, গভীরতা ও বৈশ্বিক প্রভাবের প্রতিফলন। এ বছর এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই পাঁচটি সূচকে মূল্যায়ন করা হয়েছে।

র‌্যাঙ্কিংয়ে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় টানা অষ্টমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে। এর মধ্যেও গাকৃবির অর্জন এশিয়ার প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করে।

এর আগে, ২০২৫ সালের টিএইচই এশিয়া র‌্যাঙ্কিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল গাকৃবি। পাশাপাশি, কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নের ক্ষেত্রেও নেতৃত্বের স্বাক্ষর রেখেছে।

একইভাবে টিএইচই র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যেও শীর্ষ অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, ইউআইআর (URI) ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭৭তম স্থান অর্জন করে জাতীয়ভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে গাকৃবি।

র‌্যাঙ্কিংয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক যেকোনো র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্য কেবল একটি অবস্থান নয়, এটি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসের স্বীকৃতি। বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে দেশে শীর্ষস্থান ধরে রেখে বিশ্বের ১০০ থেকে ২০০তম অবস্থানে পৌঁছাতে আমরা বহুমুখী কার্যকর পদক্ষেপ নিয়েছি। অচিরেই আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারব, ইনশাআল্লাহ।‘

তিনি আরো বলেন, ‘কৃষির সার্বিক উৎকর্ষ সাধন এবং খাদ্য নিরাপত্তায় সরকারের মিশন-ভিশনের সাথে সঙ্গতি রেখে গাকৃবি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় আরো কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর। মানবকল্যাণমুখী জ্ঞানচর্চাই আমাদের এগিয়ে নেবে।’