জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

সারাদেশের ১৩৮টি কেন্দ্রে বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে এবং এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় |ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ শিক্ষার্থী।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

ভর্তি পরীক্ষার আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে এবং এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।

ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ পরীক্ষার্থী। এরমধ্যে সরকারি কলেজ ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৩৮টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে নয়টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো: লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো: আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ শিক্ষক, বিভিন্ন বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।