ববিতে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। তরুণরাই হবে আগামী দিনের গেম চেঞ্জার। এজন্যই বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে বেশি জোর দিচ্ছে।’

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের নিয়ে তরুণ সমাজের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, শিল্পখাতের সাথে অ্যাকাডেমিয়ার সংযোগ এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে করণীয় নিয়ে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: মামুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

এ সময় তিনি তরুণ প্রজন্ম ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেয়া বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘বর্তমানে দেশে মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম রয়েছে। তবে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আরো ৩০টি বিশ্ববিদ্যালয়ে সরকারি সহযোগিতায় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হবে। একইসাথে অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য কমানো, শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভিন্ন অ্যাকাডেমিক ক্যালেন্ডার চালুর উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দক্ষতা অর্জনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তরুণরা ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে।’

অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। তরুণরাই হবে আগামী দিনের গেম চেঞ্জার। এজন্যই বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে বেশি জোর দিচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ফরচুন গ্রুপ ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মো: মিজানুর রহমান ও ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহম্মাদ মনজুর মাহমুদ।

এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আক্তার।

সেমিনারে তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, গবেষণার প্রসার, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের কার্যকর অংশীদারিত্ব এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একইসাথে উচ্চশিক্ষাকে বাস্তবমুখী ও শিল্পবান্ধব করে তোলার পাশাপাশি নিজেকে কিভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো: সাখাওয়াত হোসেন।