সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম এবং জাবি ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসান।
তিনি বলেন, ‘বেগম জিয়া ছিলেন সবার নেত্রী, যেমন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কম কথা বলতেন, তবে স্পষ্ট এবং প্রয়োজনীয় কথা বলতেন; যা কেবল দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্বামীহারা বেদনার কথা ভুলে গিয়েও তিনি সর্বদা দেশের মানুষের পাশে থেকেছেন।’
এ সময় তিনি মরহুমা নেত্রীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রো-ভিসি (শিক্ষা) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো: শামছুল আলম এবং জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাফরুহি সাত্তার বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও বর্ণিল জীবনের বিভিন্ন দিক স্মরণ করে দেশবাসীর কাছে তার রুহের মাগফেরাতের জন্য দোয়া চান।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন (রুনু) এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয় ।



