জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুর রবকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো: সোহেল রানাকে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুযায়ী ট্রেজারার হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো: আব্দুর রবকে অব্যাহতি দিয়ে তার মূল পদ গণিত বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেয়া হয়েছে। অন্য প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো: সোহেল রানাকে চার বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে হবে) দায়িত্ব পালন করবেন। তিনি ট্রেজারার পদের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয় আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রজ্ঞাপন দু’টি জারি করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মো: সোহেল রানা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুষম বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। শিক্ষার্থীদের কল্যাণ, গবেষণার পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা থাকবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আব্দুর রব চার বছরের জন্য জাবির ট্রেজারার হিসেবে নিয়োগ পান।



