জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাইক্রোক্রেডিট নিয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি তাদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা অ্যাকাডেমিক পরিসরে উপস্থাপনের সুযোগ তৈরি করা জরুরি।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গবেষণা সেমিনার
গবেষণা সেমিনার |নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে গবেষক হিসেবে গবেষণাপত্র উপস্থাপন করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী চম্পক কুমার বর্মন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো: লুৎফর রহমান বলেন, ‘গবেষণা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উৎকর্ষ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান ভিত্তি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি আরো বিস্তৃত ও গতিশীল করতে হবে।’

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি তাদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা অ্যাকাডেমিক পরিসরে উপস্থাপনের সুযোগ তৈরি করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এ ধরনের গবেষণা সেমিনার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ ও একাডেমিক চর্চাকে আরো সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।’

মাইক্রোক্রেডিট কর্মসূচির উৎপাদনশীল ফলাফল ও কার্যকারিতা নিয়ে পরিচালিত এ গবেষণা দেশের আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ভবিষ্যতেও শিক্ষক-শিক্ষার্থীরা দেশ ও সমাজের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ গবেষণায় আরো বেশি সম্পৃক্ত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘গবেষণাপত্রটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এবং গবেষণার বিষয়বস্তু, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও উপস্থাপনার ক্ষেত্রে গবেষক প্রশংসনীয় কাজ করেছেন।’

এ ধরনের গবেষণা অ্যাকাডেমিক জ্ঞানচর্চার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

উপস্থাপিত গবেষণাপত্রটি মানের দিক থেকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপস্থাপিত গবেষণাপত্রের তুলনায় কোনো অংশে কম নয় বরং এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।

গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।