সরকারের সমালোচনা করে পদত্যাগের ঘোষণা ঢাবি ছাত্রদল নেতার

‘তার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; বরং জনগণের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার লক্ষ্যেই ছিল। তবে বর্তমান নীতি ও কর্মকাণ্ডের সাথে আদর্শগত অসামঞ্জস্যের কারণে তিনি দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

শেখ শোভন
শেখ শোভন |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাষ্ট্রের স্বার্থ, ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা যাবে না—এমন মন্তব্য করে দলীয় অবস্থানের কঠোর সমালোচনা করে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে শেখ শোভন বলেন, ‘রাষ্ট্রই সর্বোচ্চ, দল তার একটি উপাদান মাত্র। রাষ্ট্রের স্বার্থ, ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস চলতে পারে না, হবেও না।’

পোস্টে সরকারের পাশাপাশি দলীয় অবস্থানেরও সমালোচনা করে শেখ শোভন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিও সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ‘জুলাইয়ের চেতনা ও অঙ্গীকার’ থেকে দল সরে এসেছে।

তিনি বলেন, দেশ বর্তমানে ‘গভীর সঙ্কটের ক্রান্তিলগ্নে’ অবস্থান করছে এবং অতীতের আন্দোলন-সংগ্রামের চেতনা উপেক্ষিত হচ্ছে। ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের প্রতিযোগিতা, কপটতা ও বিশ্বাসঘাতকতার কারণে শহীদদের আত্মত্যাগ যথাযথ মর্যাদা পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিকে তিনি জাতির জন্য ‘লজ্জা ও বেদনার’ বিষয় হিসেবে উল্লেখ করেন।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে এ ছাত্রনেতা বলেন, তার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; বরং জনগণের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার লক্ষ্যেই ছিল। তবে বর্তমান নীতি ও কর্মকাণ্ডের সাথে আদর্শগত অসামঞ্জস্যের কারণে তিনি দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একইসাথে ভবিষ্যতে দেশের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়ের প্রশ্নে প্রয়োজনে আবারো আন্দোলন-সংগ্রামে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন শেখ শোভন।

উল্লেখ্য, শেখ শোভন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।