মানিকগঞ্জের শিক্ষক শাহজাহানকে শোকজ

অভিযুক্ত শিক্ষকের নাম শাহজাহান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি এ বছরের এসএসসি পরীক্ষার গণিত (বিষয় কোড-১০৯) বিষয়ের একজন পরীক্ষক (কোড-২৪৮৭)।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড |সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের উত্তরপত্র (ওএমআর শিট) নিজের পরিবারের সদস্য দিয়ে বৃত্ত ভরাট করানোর অভিযোগে মানিকগঞ্জের এক শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম শাহজাহান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি এ বছরের এসএসসি পরীক্ষার গণিত (বিষয় কোড-১০৯) বিষয়ের একজন পরীক্ষক (কোড-২৪৮৭)।

বোর্ডের চিঠিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের উত্তরপত্র পরিবারের সদস্য দিয়ে বৃত্ত ভরাট করানোর একটি ভিডিও ও স্থির চিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি বোর্ডের নজরে এলে প্রাথমিক তদন্ত চালানো হয় এবং তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।

চিঠিতে আরো বলা হয়, আপনার এহেন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট, পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ।

এই গুরুতর অপরাধের জন্য ওই শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত জবাব পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বাসস