ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বঘোষিত ‘অদম্য জুলাই’ র্যালিতে হামলা চালিয়েছে ছাত্রদল । এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘অদম্য জুলাই’ কর্মসূচি শেষে শিবিরের নেতাকর্মীরা ভিসি গেট দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দিকে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে হঠাৎ হামলা চালায়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। তবে ছাত্রদল এ অভিযোগ অস্বীকার করেছে।
সংবাদ পেয়ে ভিসি ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহত শিবিরের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনিরুল ইসলাম, সাব্বির হোসেন, আল-আমিন, হাফিজ সিদ্দিক, হেলাল আহমেদ, আব্দুল্লাহি বাকী, আল মামুন সিয়াম, তায়েফ ও শারাফাত সিফাতসহ আরো কয়েকজন।
অন্যদিকে ছাত্রদলের আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ইমরান, সিফাত, হৃদয়, জাহিদ, তরিকুল, প্রান্ত, হেনা ও আবদুর রহিমসহ আরও কয়েকজন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দাবি করেন, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। ছাত্রদল তা প্রতিহত করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্য পাওয়া যায়নি। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন বলেন, সংঘর্ষের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



