নানা বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গ্র্যাজুয়েশন দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দিবস উদযাপন করা হয়।
গাকৃবির উইন্টার-২০২৪ টার্মের বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এবং ডিভিএম প্রোগ্রামের চারটি অনুষদ থেকে মোট ২৯৩ জন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী এদিন গ্র্যাজুয়েট হবার গৌরব অর্জন করেন। দিনটি ছিল তাদের দীর্ঘ অ্যাকাডেমিক যাত্রার গৌরবময় পরিসমাপ্তি এবং নতুন জীবনে পদার্পণের এক অনন্য ক্ষণ।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬শে জুলাই চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের পাশে গিয়ে শেষ হয়। অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর আবহ।
পরে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন দিবস উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আবদুল্লাহ্ মৃধা। তিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন।
পরে চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ভিসির কাছে উপস্থাপন করেন। ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্যে উঠে আসে চার বছরের স্মৃতি, শিক্ষক-সহপাঠীদের সাথে গড়ে ওঠা বন্ধন, কঠোর পরিশ্রমের গল্প এবং বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা। অনেকের চোখে ছিল আনন্দ-অশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর হৃদয়ে ছিল নতুন স্বপ্নের দীপ্তি। পরে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন ভিসি।
সমাপনী বক্তব্যে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে ভিসি বলেন, ‘কৃষিপ্রধান বাংলাদেশ আজ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তার পেছনে দেশের কৃষিবিদদের অনন্য অবদান রয়েছে। দক্ষ, মানবিক ও বিশ্বমানের কৃষিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও নেতৃত্বে সমৃদ্ধ হতে হবে।’
অতিথিদের সাথে গ্র্যাজুয়েটদের প্রাণবন্ত ফটোসেশন, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী এ আয়োজন।



