ডুয়েটের ৮ম ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল

রোববার (১৭ মে) ডুয়েট জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ডুয়েটের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল
ডুয়েটের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল |সংগৃহীত

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অষ্টম ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

রোববার (১৭ মে) ডুয়েট জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। প্রজ্ঞাপন অনুযায়ী তিনি আগামী চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করে দায়িত্ব পালনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

রোববার (১৭ মে) দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দফতরের পরিচালক এবং রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) সাথে মতবিনিময় সভায় অংশ নেন নবনিযুক্ত ভিসি। এসময় তিনি সকলের সহযোগিতায় প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে সামগ্রিকভাবে আরো এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডুয়েটে যোগদানের আগে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ ৩৪ বছরের পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির মেরি ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ভারতের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দেশী-বিদেশী পিয়ার-রিভিউড জার্নালে তার ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি ৯০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আরগোনোমিক্স অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা ও গবেষণায় সমৃদ্ধ। গবেষণা ও অ্যাকাডেমিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনাল থেকে ‘ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।

তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান বুয়েটের সাবেক ভিসি। স্ত্রী অধ্যাপক ড. সালমা আখতার বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।