পুরনো দিনের স্মৃতিতে ভাসছে ‘নস্টালজিয়ায় বাংলা’

নতুন প্রজন্মের কাছে বাংলাদেশী সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক পৌঁছে দেয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নস্টালজিয়ায় বাংলা’।

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
‘নস্টালজিয়ায় বাংলা’তে মেতে উঠে শিক্ষার্থীরা
‘নস্টালজিয়ায় বাংলা’তে মেতে উঠে শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

নতুন প্রজন্মের কাছে বাংলাদেশী সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক পৌঁছে দেয়ার উদ্দেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নস্টালজিয়ায় বাংলা’।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন ‘টিম উৎসব’।

অনুষ্ঠানে পুরনো দিনের সিনেমার গান, নাচ, আবৃত্তি ও বিশেষ ম্যাগাজিন শো’সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ‘র‌্যাফেল ড্র’।

এদিকে অনুষ্ঠানে মেলার আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ ও দেশের বাইরের বিভিন্ন ধরনের খাবারের স্টল, গহনা, হস্তশিল্প ও ঘর সাজানোর নান্দনিক উপকরণ এবং হাতে মেহেদি সাজানোর কর্নার ছিল।

এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ‘র‌্যাফেল ড্র’-তে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বিভিন্ন সেগমেন্টে সেরা উপস্থাপনা কারীদের পুরস্কার দেয়া হয়।

এ বিষয়ে টিম উৎসবের উদ্যোক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে শৈশবের অনেক সরল বিনোদন ও ঐতিহ্য আজ অনেকটাই বিলুপ্তির পথে। টিম উৎসবের এ আয়োজন সেই শূন্যতা পূরণে একটি নতুন পথ তৈরি করেছে। তারা চায় সবাই ফিরে যাক সেই দিনে, যখন সাদা পর্দায় সিনেমা দেখার জন্য জমা হতো ভিড়। চিঠি লেখা ছিল আবেগের প্রধান মাধ্যম। বিকেলের সময় কাটত লাটিম আর কানামাছির সাথে। আর প্রিয় গানের সুরে ভরে যেত রেডিও ও ক্যাসেট প্লেয়ার।

তারা আরো বলেন, আমাদের এ ‘নস্টালজিয়ায় বাংলা’ মূলত প্রজন্ম থেকে প্রজন্মের সেতুবন্ধন গড়ে তোলা, যাতে শিকড় ভুলে না যায়। আমরা চাই স্মৃতির সোনালী দিনগুলোকে নতুনভাবে উপস্থাপন করে সবাইকে ঐতিহ্যের কাছে আরো কাছে নিয়ে আসতে।

অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে টিম উৎসবের সাধারণ সম্পাদক নুবাহ নাশিতা ফারিহাত বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে শুধু পুরনো দিনের রোমন্থন নয়, নতুন প্রজন্মকে ঐতিহ্যের গর্বের সাথেও পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও সম্মান গড়ে তোলার এক অসাধারণ উদ্যোগ হিসেবে টিম উৎসবের এ অনুষ্ঠান প্রশংসিত হবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাকৃবি সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)।