খুবি প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: নাজমুস সাদাত।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে পরামর্শ দেয়ার লক্ষ্যে বোর্ডটি গঠন করা হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধ্যাপক ড. মো: নাজমুস সাদাত বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য নিয়ে দীর্ঘদিনের গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো: নাজমুস সাদাত বলেন, ‘বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার খবরটি জানার পর আমি অত্যন্ত গর্বিত অনুভব করেছি। বিষয়টি আমার গবেষণা ও কাজের ক্ষেত্রের সাথে সরাসরি সম্পর্কিত, যা আমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আমি এটিকে একটি বড় দায়িত্ব হিসেবে দেখছি। জাতীয় পর্যায়ে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।’



