গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। আধাঘণ্টা অবরোধ শেষে রাস্তা ছেড়ে দেন তারা।
এ সময় তারা, ‘মুজিববাদ মুর্দাবাদ-ইনকিলাব জিন্দাবাদ, সারা বাংলায় খবর দে-মুজিববাদের কবর দে, সারাবাংলায় খবর দে-আওয়ামী লীগের কবর দে’সহ নানা স্লোগান দেয়।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা হামলায় জড়িতদের বিচারসহ কয়েক দফা দাবি জানান।
অন্য দাবিগুলো হলো- গোপালগঞ্জের ডিসি ও পুলিশ সুপারকে প্রত্যাহার, ক্যাম্পাসে মুজিবের সকল স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন করা ও ক্যাম্পাসে জুলাই গণঅভ্যূত্থানের বিরোধীতাকারী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।
শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। আমরা যদি একতাবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে না পারি তাহলে সারাদেশের বিভিন্ন প্রান্তেই গোপালগঞ্জের মতো ঘটনা ঘটতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের মতো আমরা ঐক্যবদ্ধ থাকলে অচিরেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।‘



