ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রায় ১০০ শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়েছে

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসায় ‘মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ২টা ৩০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠানটি মাগরিব পর্যন্ত চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নুরুল হক। সভাপতিত্ব করেন ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রধান অতিথি প্রফেসর মিঞা মো: নুরুল হক তার বক্তব্যে বলেন, ‘এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেহেতু ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করছে, তাই এ ধরনের কিন্ডারগার্টেনধর্মী মাদরাসাগুলো যেন নিজেদের প্রতিষ্ঠানের নামেই পরীক্ষার সুযোগ পায়- সে ব্যবস্থা আমরা করার জন্য কাজ করব।’

তিনি প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভাপতি মোহাম্মদ আব্দুল্লা তার সমাপনী বক্তব্যে বলেন, ‘আমরা শুধু জ্ঞান নয়, আদর্শ ও মানবিকতার ভিত্তিতে একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা হবে দেশের প্রকৃত সম্পদ।’

তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল মো: মাহবুবুর রহমান আজহারি বলেন, ‘ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা শুরু থেকেই গুণগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করবে- এই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করছি।’

বিশেষ অতিথি সেক্রেটারি অ্যান্ড অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স মো: আকমল হোসাইন বলেন, ‘অত্র মাদরাসার শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফল নয়, তাদের শৃঙ্খলা, আচরণ ও ইসলামী মূল্যবোধে অনন্য। আমরা চাই এই ধারাবাহিকতা বজায় থাকুক এবং এই প্রতিষ্ঠান আরো দূর এগিয়ে যাক।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কালচারাল ডিপার্টমেন্টের শিক্ষক, সাংবাদিক ও ইসলামী সংগীত শিল্পী মো: মেহেদী হাসান।

শেষ পর্বে কালচারাল ডিপার্টমেন্টের পরিচালক মো: ইকবাল হোসাইনের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পরিবেশিত কুরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামী গান, কবিতা আবৃত্তি, বক্তৃতা ও নাটিকা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে ট্যালেন্টপুলসহ বিভিন্ন গ্রেডে প্রায় ১০০ জনেরও বেশি শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো: শাহাদাত হোসাইন ঢালী, সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যান্ড শরী’আহ অ্যাফেয়ার্স ক্বারী মো: ফারুক আহমাদ, ফিন্যান্স ডিরেক্টর মো: আব্দুল্লাহ আল মামুন (পিয়াল), কালচারাল অ্যাফেয়ার্স ডিরেক্টর মো: ইকবাল হোসাইনসহ সকল ডিরেক্টর, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিজ্ঞপ্তি