কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, অধ্যাপক ড. মো: ফজলুল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী ও অধ্যাপক মোছা: নুরজাহান খাতুন।
বক্তারা বলেন, একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।


