‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকাল ১০টা ৪০ থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে জড়ো হলে শিক্ষকদের সাথে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশে ‘দালাল’ শব্দ ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনার একপর্যায়ে কয়েকজন শিক্ষক ফরহাদ রেজাকে ধরে শিক্ষক কমনরুমে নিয়ে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে সেখান থেকে ছাড়িয়ে আনেন। ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।



