বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত প্রথম ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৫৩তম ব্যাচের ‘লিগ্যাল লিজেন্ড’ ডিবেট দল।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তারা একই বিভাগের ৫৪তম ব্যাচের ‘ইরিপ্রোচেবল’ দলকে পরাজিত করে।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের যুক্তি, বিশ্লেষণ ও আইনি দক্ষতার ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন হয়। বিজ্ঞ বিচারকমণ্ডলী নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ী দলের নাম ঘোষণা করেন।
ফাইনাল বিতর্কে বিশেষ ভূমিকা পালন করেন মুনতাসির রাব্বি, যিনি প্রাঞ্জল ও তথ্যমূলক বক্তব্যের মাধ্যমে প্রতিপক্ষের যুক্তিগুলোর সুক্ষ্ম বিশ্লেষণ ও সমালোচনা করে ‘ডিবেটার অব দ্যা ফাইনাল’ নির্বাচিত হন। এছাড়াও সম্পূর্ণ প্রতিযোগিতায় অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সাদিয়া আক্তার মিম ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। তিনি যুক্তি উপস্থাপন ও কৌশলগত দক্ষতায় বিচারকদের মনোযোগ কাড়েন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহাবুবুল হক।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আইনশাস্ত্রের শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপনার দক্ষতা গড়ে তুলতে বিতর্কের বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবীর এবং ব্যবসা প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট দ্য ডিফেন্স কাউন্সিলের হেড অব চেম্বার আল-আমিন হোসাইন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রভাষক মোল্লাহ মো: আশরাফ আল ইমরান,
নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক রিচিতা আকতার, লিগাল পয়েন্টের অ্যাসোসিয়েট অ্যাডভোকেট কে এম নাসির উদ্দিন।
গত ২৩ মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ১২টি দল অংশগ্রহণ করে।



