শাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি , আহত ১

সংঘর্ষে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী আশরাফুল মাথায় আঘাত পান। তাকে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Location :

Sylhet

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিশ্বকাপের খেলা দেখার সময় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক তারেকের সাথে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা হয়ে যায়।

তবে কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় আবারও উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় নাফিসের বন্ধু, ছাত্রদলের সহ অর্থ সম্পাদক কাফি কাউসার ও তার বন্ধুরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

জানা যায়, সংঘর্ষে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী আশরাফুল মাথায় আঘাত পান। তাকে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ঘটনার পর তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। সেখানে শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, "ছাত্রদলের নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে যারা আহত হয়েছেন, তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। আর বিষয়টি যেহেতু ছাত্রদলের অভ্যন্তরীণ, তাই তাদের নেতাকর্মীদের মাধ্যমে মীমাংসা করা হয়েছে।"