নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে শাবিপ্রবি প্রক্টর অফিসের ইফতার মাহফিল

‘গত ৩৪ বছরে এ ধরনের আয়োজন আগে হয়নি। তাই আজকের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি মনে করি, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি সুন্দর ও শান্তিপূর্ণ থাকে।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার
নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘গত ৩৪ বছরে এ ধরনের আয়োজন আগে হয়নি। তাই আজকের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি মনে করি, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি সুন্দর ও শান্তিপূর্ণ থাকে। এজন্য আপনাদের সাধুবাদ জানাই যে আপনারা দায়িত্ব নিয়ে নিজেদের কাজ করে থাকেন। একইসাথে প্রক্টর মহোদয়কে আবারো ধন্যবাদ জানাই আমাকে আপনাদের সাথে ইফতার মাহফিলে দাওয়াত করার জন্য।’

নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে ইফতার মাহফিলের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ‘আমরা প্রক্টরিয়াল বডি প্রতি সপ্তাহে সাপ্তাহিক সভা করি। আমাদের গত সাপ্তাহিক সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনাদের জন্য কী করা যায়। তখন ভাবলাম, রমজানে আপনাদের জন্য একটি দিন ইফতারের ব্যবস্থা করলে কেমন হয়। আমাদের সবার তো বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে। কিন্তু আপনাদের সারা মাসে কয়টি দাওয়াত থাকে? আপনাদের দাওয়াত করে যদি একটি দিন ভালোভাবে ইফতার করাতে পারি, তাহলে আমাদের ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘আমি আমার প্রক্টরিয়াল বডির সকল সদস্যকে বলে দিয়েছিলাম, আজ আমরা নিচে বসব। আপনাদের স্টেজে বসিয়ে ইফতার করার সুযোগ করে দেবো। আজ যদি ভিসি স্যার আসতেন, তাকেও নিয়ে আমি নিচে বসে ইফতার করতাম।’ এ সময় তিনি নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নিয়ে নিজেদের কাজ করে বিশ্ববিদ্যালয়কে সুন্দর ও নিরাপদ রাখার জন্য ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপত্তা শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, নিরাপত্তা সুপারভাইজার মো: তসলিম দেওয়ান, বাদশাহ মিয়া ও সকল সহকারী প্রক্টরবৃন্দ।