সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ ও কৃতি অ্যালামনাই সংবর্ধনা

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সাথে পরিচিত করিয়ে দেয়া হয়। পাশাপাশি কর্মক্ষেত্র ও নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ২৭ জন প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ২৭ জন কৃতি অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়।

সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং বিশ্ববিদ্যালয়টির পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু) ও মীর আবদুল আলিম।

এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক শামিম আরা হাসান, প্রো-ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক বুলবুল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সাথে পরিচিত করিয়ে দেয়া হয়। পাশাপাশি কর্মক্ষেত্র ও নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ২৭ জন প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তোলার উদ্যোগ নেয়া হয়।