ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) চতুর্থ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ডাকসু সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ( ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ফিলিস্তিনের স্মারক প্রতীক উপহার প্রদান করা হয়।
সভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে একটি জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব ডাকসু গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হলো- শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের নিন্দা জানিয়ে তাদের বহিষ্কার এবং আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তাব, শনিবার বাসসার্ভিস চালু ও শাটল বাসের সমস্যার সমাধান, নতুন আধুনিক বাস চালুর উদ্যোগ, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানকারীদের তালিকা প্রস্তুত ও অপসারণে পদক্ষেপ গ্রহণ, হলে সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন ও অপারেটর নিয়োগের প্রস্তাব, টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালুর নীতিগত সিদ্ধান্ত, হল এলাকায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপন এবং লাইব্রেরি এলাকায় নিরাপত্তা জোরদার, ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে ডিজিটাল গেট স্থাপনের প্রস্তাব, সেন্ট্রাল লাইব্রেরি, কলাভবন ও কার্জন হলে অবকাঠামোগত উন্নয়ন, নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম উদ্বোধন ও অনাবাসিক শিক্ষার্থীদের হল প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রায় তিন বছর বন্ধ থাকা ই-লাইব্রেরি চালুর উদ্যোগ, একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করা, আবাসন বৃত্তি, ব্রেইল সাইন স্থাপন এবং লিফটে টকিং সিস্টেম চালু করা।
সভায় ডাকসুর জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় এজিএস মহিউদ্দিন খান, ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনসহ ডাকসুর বিভিন্ন সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।



