জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৫২ শতাংশ।
শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ৭০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেন ৮৮৩ জন। অনুপস্থিত ছিল ১৮৭ জন। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। পরে পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
প্রথম দিনের পরীক্ষা শেষে ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবং সার্বিকভাবে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিদর্শকদের পাশাপাশি মেডিক্যাল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।’
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ১০ এপ্রিল একই সময়ে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ ও এ ইউনিটে ৭৫৫টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে এক হাজার ৫০৫টি।


