জাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অথচ এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। এর ফলে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ হোসেন রওশানের ওপর হামলা, শারীরিক লাঞ্ছনা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘নেত্রকোনায় জাবি শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ হোসেন রওশানের ওপর যে বর্বরোচিত হামলা, নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা জানতে পেরেছি, তাকে অপহরণ করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে এবং মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অথচ এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। এর ফলে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে।’

জিয়া উদ্দিন বলেন, ‘জাবিতে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও আন্দোলনবিরোধী অবস্থান নেয়া শিক্ষকদের বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে দেয়া যাবে না।’

তিনি রওশানের ওপর হামলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ‘দ্রুত বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি ঘটনাটিকে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের ইচ্ছাকৃত বার্তা হিসেবে বর্ণনা করেন। তিনি সুশীল সমাজ ও কিছু প্রগতিশীল গোষ্ঠীকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় অভিযুক্ত করে তাদের হুঁশিয়ার করেন। অনুতপ্ত না হওয়া ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে জনগণ আবার রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ এবং জাকসু পৃথকভাবে বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের একদল শিক্ষার্থী এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার সাতপাই বাইপাস থেকে জাবি শিক্ষার্থী শরীফ রওশানকে তুলে নিয়ে পূর্বধলা উপজেলার ত্রিমোহনী এলাকায় নির্যাতন করা হয়। নির্যাতনকারীরা তাকে বস্ত্রহীন করে আওয়ামী লীগের দলীয় স্লোগান এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন স্লোগান দিতে বাধ্য করে। পরে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ভুক্তভোগী শরীফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার বাসিন্দা।