জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কলা ও আইন অনুষদের ৭৮৫টি আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী আবেদন করে।
ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: রেজাউল করিম জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রইছ উদদীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আঞ্জুমান আরা বানু, আইন অনুষদের ডিন রিচার্ডসন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বাসস



