অভাবের সাথে লড়াইয়ে মেধার জয়

ঢাবি শিক্ষার্থী আল আমিনের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সাদিক কায়েম। সেখানে তিনি উল্লেখ করেন, “অদম্য মেধাবী আল আমিনের সঙ্গে আমরা কথা বলেছি। তার শিক্ষাজীবনের দায়িত্ব আমরা গ্রহণ করেছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অদম্য মেধা আর সীমাহীন প্রতিকূলতার গল্প যেন একসাথে মিলেছে কুষ্টিয়ার কুমারখালীর তরুণ আল আমিনের জীবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেও আর্থিক সঙ্কটে তার উচ্চশিক্ষা ছিল অনিশ্চয়তার মুখে। তবে শেষ পর্যন্ত তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

জানা যায়, আল আমিন ভর্তি পরীক্ষার ফলাফলে কলা-আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৫২৬তম এবং বিজ্ঞান ইউনিটে ৯৫তম স্থান অধিকার করেন। আর্থিক অনটন সত্ত্বেও তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন। কিন্তু পরিবারের শোচনীয় আর্থিক অবস্থার কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে ডাকসুর পক্ষ থেকে আল আমিনের সাথে যোগাযোগ করা হয়। তার সাথে কথা বলে তার উচ্চশিক্ষার পূর্ণ দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নেন ভিপি সাদিক কায়েম।

গত শুক্রবার (১০ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সাদিক কায়েম। সেখানে তিনি উল্লেখ করেন, “অদম্য মেধাবী আল আমিনের সঙ্গে আমরা কথা বলেছি। তার শিক্ষাজীবনের দায়িত্ব আমরা গ্রহণ করেছি।”

এ বিষয়ে জানতে চাইলে সাদিক কায়েম বলেন, “কোনো শিক্ষার্থী যদি আর্থিক সঙ্কটে পড়ে ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভোগে, তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তার পাশে দাঁড়াতে। সেই ধারাবাহিকতায়ই আমরা আমাদের ওই ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছি।”

তিনি আরো জানান, সীমিত ফান্ড থাকা সত্ত্বেও ব্যক্তিগত উদ্যোগ ও স্পন্সরের মাধ্যমে ডাকসু শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে খুব অল্প পরিমাণ অর্থ পেলেও বিকল্প উপায়ে সহায়তা কার্যক্রম চালিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।