শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরীণ সড়ক সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থীরা। অ্যাকাডেমিক আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
রোববার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কিলোরোড সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম। এ সময় তার সাথে সিইই বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীরা আগামী দুই-তিন দিনের মধ্যে কিলোরোডের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার এবং কারিগরি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন প্রস্তুত করে ভাইস চ্যান্সেলরের কাছে চূড়ান্তভাবে উপস্থাপন করবে। প্রতিবেদন অনুমোদনের পর প্রশাসনের সাথে সমন্বয় করে প্রাথমিকভাবে সড়কটি চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারকাজ পরিচালনা করা হবে।
এ সংস্কার কার্যক্রমে সিইই বিভাগের ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেবে। এর মাধ্যমে তারা বাস্তব প্রকৌশল কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পাবে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে অধ্যাপক ড. মো: খায়রুল ইসলামের সাথে মতবিনিময় করে সিইই বিভাগের শিক্ষার্থীরা। সভায় কিলোরোড সংস্কারের পরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া, শিক্ষার্থীদের দায়িত্ব ও অংশগ্রহণ এবং কাজের সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান, প্রধান প্রকৌশলী মো: জয়নাল ইসলাম চৌধুরী ও অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীসহ প্রকৌশল দফতরের অন্যান্য কর্মকর্তারা।



