চুয়েটে ৯ ছাত্রদল কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রদলের কমিটিতে নাম থাকায় নয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক ড. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। এছাড়া অভিযুক্ত শিক্ষার্থীদের ২৭ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। তারা চাইলে ২৮ জুলাই শুনানিতে উপস্থিত হয়ে নিজের পক্ষে বক্তব্য দিতে পারবেন।

জানা যায়, গত বছরের ৭ আগস্ট চুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে চুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়, শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ। এদিকে আদেশ অমান্য করে গত বৃহস্পতিবার ছাত্রদলের ফেসবুক পেজ থেকে চুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণার কিছু সময় পর সেই পোস্ট মুছে ফেলা হয়।

পোস্ট মুছে ফেলার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ‘এটি ছিল খসড়া কমিটি। আপাতত সেটি স্থগিত করা হয়েছে। আমরা পরে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব।’

এদিকে ওইদিন রাতেই ছাত্র রাজনীতিমুক্ত চুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করে। কমিটিতে থাকা নেতাদের শাস্তির দাবি করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে তালিকায় দেখা যায়, ছাত্রদলের ঘোষিত কমিটির সভাপতি তড়িৎ কৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী। সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি চন্দন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন তন্ময় ও প্রচার সম্পাদক আহমেদ ইনতিসার।