জুলাই আন্দোলনে হামলা

জাবির ১৮৯ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত

এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: কামরুল আহসান এ সিদ্ধান্তের কথা জানান।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Dhaka
প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: কামরুল আহসান
প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: কামরুল আহসান |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় সিন্ডিকেট সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: কামরুল আহসান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, ঘটনায় জড়িত মোট ২২৯ জনের তালিকা তৈরি করা হয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, এদের মধ্যে ১৮৯ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং বাকি ৪০ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে ২০ জন বর্তমান এবং ২০ জন সাবেক শিক্ষার্থী।

জানা গেছে, শাস্তিপ্রাপ্তদের মধ্যে বর্তমান শিক্ষার্থী ১১০ জন। এদের মধ্যে আজীবন বহিষ্কার ৬৪ জন, দুই বছর মেয়াদে বহিষ্কার ৩৭ জন, এক বছর মেয়াদে বহিষ্কার আটজন, ছয় মাস মেয়াদে বহিষ্কার একজন। অন্যদিকে ৭৯ জন সাবেক শিক্ষার্থীদের মধ্যে সনদ বাতিল ৭৩ জন, দুই বছর মেয়াদে সনদ স্থগিত ছয়জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শাস্তিপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ, শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা ও সহিংসতায় সরাসরি জড়িত থাকার প্রমানের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সকল অভিযুক্তদের মধ্যে কোনো ফুটেজ, সাক্ষ্য বা হামলায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাদেরকে শাস্তি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এছাড়াও প্রো-ভিসি অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘আমাদের এই রিপোর্টি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে (আইসিটি) পাঠানো হবে এবং সেখান থেকে মামলা করা হবে। এক্ষেত্রে আইসিটির প্রসিকিউটরদের সাথে আমাদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন আমাদের এই তথ্যগুলো তাদের মামলার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়াও এর বাইরে যেকোনো তথ্যপ্রমাণে আমরা আইসিটিকে সহযোগিতা করবো।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাস্তিপ্রাপ্ত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বাইরে হামলায় অংশগ্রহণকারী যে সকল পুলিশ, বহিরাগতদের বিভিন্নভাবে শনাক্ত করা গেছে তাদের তথ্যও আইসিটিতে পাঠানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ক্যাম্পাসে সংঘটিত আন্দোলন দমনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে ১৪ জুলাই বঙ্গবন্ধু হলের সামনে, রবীন্দ্রনাথ ঠাকুর হলে এবং ভিসির বাসার ভেতরে হামলা করা হয়। এতে বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হন।